রাজধানীর বনানীতে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (২১ আগস্ট) দুপুরে পরিদর্শনে এসে মেয়র ঘোষণা দেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মানা ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।
আতিকুল ইসলাম বলেন, “আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আমি নির্দেশ দিয়েছি, এসব ভবন থেকে যারা লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, প্রতিটি ভবনের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স নিতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। এক বিল্ডিয়ের সঙ্গে আরেক বিল্ডিংয়ের মাঝখানে কী ব্যবস্থা থাকবে, অল্টারনেটিভ সিঁড়ি কতটা চওড়া করতে হবে... সব কিছু দেখে বিল্ডিং কোড মানা হলে কেবল ট্রেড লাইসেন্স পাবে, অন্যথায় তারা এটা পাবে না।”
চেয়ারম্যান বাড়ি এলাকায় যত ট্রেড লাইসেন্স আছে সেগুলো আপতত রিনিউ হবে না বলেও জানান মেয়র।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, “আহত ফায়ার সার্ভিস কর্মী বাদে আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সেই খোঁজ নেওয়া হচ্ছে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে প্রচুর কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর দুটি পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভি’র ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।































