স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “ইনসেপ্টা আমাদের জানিয়েছে, তারা তিন মাসের মধ্যে টিকা দিতে পারবে। প্রতি মাসে চার কোটি টিকা বানাতে পারবে।”
সোমবার (১৬ আগস্ট) বিকালে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সিনোফার্মের টিকা যৌথ উৎপাদনের চুক্তির পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকে তিন পক্ষের চুক্তি হয়েছে। চীন থেকে বাল্ক ভ্যাকসিন আসবে, এখানে উৎপাদন করবে। এখানে টিকা ফিল ফিনিশ করবে ইনসেপ্টা, এই চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই ইনসেপ্টা বাংলাদেশে টিকা তৈরি করতে পারবে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কবে নাগাদ উৎপাদন করতে পারবে। আমাদের জানিয়েছেন মাস তিনেকের মধ্যে করতে পারবেন। কারণ, ইনসেপ্টার প্রস্তুতির বিষয় আছে। চীন থেকে বাল্ক আনতে হবে, সব মিলিয়ে এ সময় লাগতে পারে। তার আগেও হতে পারে কিংবা একটু বেশি সময় লাগতে পারে।”
জাহিদ মালেক বলেন, “ইনসেপ্টার অনেক সক্ষমতা। যদি ১০ ডোজের ভায়াল হয়, তারা চার কোটি ডোজ মাসে তৈরি করতে পারবে। আর যদি ভায়াল ছোট হয় তাহলে আরও কম হবে।”
টিকার মূল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দামের বিষয় এখনও নির্ধারণ করা হয়নি। যখন উৎপাদনে যাবে তখন আলোচনা করে একটা দাম নির্ধারণ করা হবে। বাইরে থেকে আনতে যে দাম প্রয়োজন হয়, তার থেকে অবশ্যই কম পড়বে।”
































