দেশে আইপি টিভি সরকারের অনুমোদন পেলেও নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “চলতি মাসেই কিছু আইপি টিভির অনুমোদন দেওয়া হচ্ছে। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। দেশে এর আগে কোনো আইপি টিভির অনুমোদন দেওয়া হয়নি। ইতোমধ্যেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়েছে।”
দেশে এই পর্যন্ত প্রায় ৬ শত আইপি টিভি অনুমোদনের জন্য় আবেদনপত্র জমা পড়েছে বলে জানান মন্ত্রী।
হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির অনুমোদন নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “যেহেতু এর আগে কোনো আইপি টিভির অনুমোদন দেওয়া হয়নি, তাই হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই। কিছু আইপি টিভি ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়। এগুলো বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়। এসব আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
“আইপিটিভি চালাতে নীতিমালা মানতে হবে। সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবে, এটি কাম্য নয়। যে নীতিমালা পাস হয়েছে সেখানে বলা হয়েছে, আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। অনুমোদনপ্রাপ্ত আইপিটিভি নীতিমালা ভঙ্গ করলেও মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।”






























