৫০টি বাস দিয়ে নগর পরিবহন সেবা শুরু হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে চালু হচ্ছে এ সেবা। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেব এটি চালু হচ্ছে।
রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ২০তম সভা শুরু হয়। সভা শেষে বিকেল পৌনে ৫টায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই মেয়র সংবাদ সম্মেলনে কথা বলেন।
কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে প্রথম দিন থেকেই। যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ, প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেইসঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে।




































