দুপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১২:৫৫ পিএম
দুপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টায় বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে শোভাযাত্রাটি। এরপর শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্য ভবনের সড়ক এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক ব্যবহার করতে হবে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, স্বাধীনতাসহ বাঙালিরা যা কিছু অর্জন, তার সবকিছু জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের হাত ধরে। তাই আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রায় প্রতিটি বাঙালি একত্র হবে।

বিজয় শোভাযাত্রা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভার শেষে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, “দেশবাসী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এর মধ্যে গতকাল এবং আজকে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে। আগামীকাল শনিবার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে; যেখানে জাতির পিতা স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন।”

নানক আরও বলেন, “ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Link copied!