ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৪:১৫ পিএম
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

রাজধানীর দক্ষিণখান এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠেপড়া একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় এক নারী ও তার দুই বছরের ছেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।

স্থানীয়রা জানান, ওই রেলগেটে একাধিক গেটম্যান দায়িত্ব পালন করেন। তবে ভোরের দিকে গেট খোলা ছিল। পরে মাইক্রোবাসটি বিনা বাধায় লাইনে উঠে পড়ে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

উপপরিদর্শক নূর মোহাম্মদ আরও বলেন, “ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র নিহত হয়।”

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাসান একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন। বাসার কাছেই রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!