যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস।
বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে তাকে হেনস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে নানা মন্তব্য করছেন কয়েকজন প্রবাসী। তাদের মুখে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’— এ ধরনের বক্তব্য শোনা যায়।
ভিডিওতে দেখা যাওয়া ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি।
হেনস্থাকারী প্রবাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক বলে সোশাল মিডিয়ায় অনেকে দাবি করছেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী ড. ইউনূস। এই বছরের শুরুতে নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠনের পর তিনি বিদায় নেন।













