টুপটুপ রিসোর্টে আগুন, মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
বাঁ থেকে তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমন। ছবি কোলাজ: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রবিবার সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
তিনি জানান, শনিবার বিকালে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজারে কর্মরত সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে স্থানীয়ভাবে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জন নিহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

















