সাবেক নৌ-পরিবহন মন্ত্রী,হারুন-অর-রশিদের ইন্তেকাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১১:১৪ পিএম
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী,হারুন-অর-রশিদের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক চিফ হুইপ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) আর নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই(দ) ইউনিয়নের নরসিংসার এবং জেলা শহরের মৌলবীপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া তথা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ অবদান রাখেন।

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুম অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজার সময়সূচি ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে দলী ও পারিবারিক সূত্রে জানা গেছে।

Link copied!