বিচারিক ক্ষমতা হারিয়েছেন কামরুন্নাহার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১০:৪২ এএম
বিচারিক ক্ষমতা হারিয়েছেন কামরুন্নাহার

৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না, এমন পর্যবেক্ষণ দিয়ে রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে তার বিচারিক ক্ষমতা থেকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (১৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানান সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দিয়েছিলেন বিচারক বেগম মোছা. কামরুন্নাহার।

জানা যায়, বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে আদালতে না বসতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আদালত থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মহোদয়গণের আলোচনাক্রমে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে ১৪/১১/২০২১ তারিখ সকাল ৯:৩০ ঘটিকা হতে আদালতে না বসার নির্দেশ প্রদান করেছেন। কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে অদ্য সকাল ৯টা ৩০ মিনিটে আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।”

আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক। ওই বিচারকের ক্ষমতা কেড়ে নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Link copied!