‘শিশুবক্তা’ রফিকুলসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০২:৫৯ পিএম
‘শিশুবক্তা’ রফিকুলসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম পুলিশ পরিদর্শক এ চার্জশিট দাখিল করেন। 

চার্জশিটভুক্ত অপর আসামি হলেন- মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।

বিষয়টি শনিবার (১৩ নভেম্বর) মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মোতালেব হোসেন নিশ্চিত করেছেন।

মোতালেব হোসেন বলেন, “মামলার চার্জশিট আদালতে দাখিল করেছেন মামালর তদন্ত কর্মকর্তা। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এই মামলায় আরো তিনজনের ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।” 

তারা হলেন- মোহাম্মদ আমজাদ, মো. তাওহীদ ইসলাম ও এইচ এম লোকমান হোসেন।
 
এর আগে গত ৭ এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামে এক ব্যক্তি বাদী হয়ে মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

পরে গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব।

এছাড়া তার বিরুদ্ধে গাজীপুর ও ময়মনসিংহ থানার মামলা রয়েছে।

Link copied!