রাজধানীর আজিমপুরে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ পরিবারের সঙ্গে লালবাগ শহীদ নগর ১ নম্বর গলিতে থাকত। তার বাবা নাদির হোসেন এলাকাতে পান বিক্রি করেন।
জিহাদের বাবা নাদির হোসেন জানান, তার ছেলে আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। সকালে জিহাদ হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়ল শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আ. কাদির জানান, আজিমপুর সরকারি কলোনির বাউন্ডারি দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।






























