রাজধানীর আদাবরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭২) হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ নভেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এসএসপি ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ইমরান খান জানান, আটক দুজনের মধ্যে একজন হত্যাকারী ও অন্যজন পরিকল্পনাকারী। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকার শ্যামলীর হলিল্যান্ড গলিতে আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা করে।































