৬৬ বছরের পুরোনো পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন বিরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:১০ এএম
৬৬ বছরের পুরোনো পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন বিরোধ

সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পানির অধিকার কেড়ে নিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলা হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াতেও প্রস্তুত।


তবে তিনি যোগ করেন, এখনই যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
দুই দেশের মধ্যে ৬৬ বছরের পুরোনো একটি পানিবণ্টন চুক্তি রয়েছে, যা সিন্ধু পানি চুক্তি নামে পরিচিত। ভারত এখন এই চুক্তিটি বাতিল করতে চাইছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।


ভারতের পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল বলেছেন, আগামী দিনগুলোতে পাকিস্তানে যেন এক ফোঁটাও পানি না যেতে পারে, ভারত সেই ব্যবস্থা করছে।
পাকিস্তানের জন্য সিন্ধু নদের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ৯০ শতাংশ ফসলি জমির সেচ এবং সবকটি জলবিদ্যুৎ কেন্দ্র এই পানির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি পুরোপুরি পানি বন্ধ নাও করে, শুধু বাঁধের পানি ছাড়ার সময় ও নিয়ম পরিবর্তন করে, তাতে পাকিস্তানের বড় ক্ষতি হয়ে যাবে।


চাষের মৌসুমে পানি আটকে রাখলে খরা হবে, আবার হুট করে পানি ছেড়ে দিলে পাকিস্তানে বন্যা দেখা দেবে।
ইতোমধ্যেই চেনাব নদীর পানির হঠাৎ হ্রাস-বৃদ্ধি নিয়ে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের সুযোগ দিন দিন কমে আসছে।

Link copied!