বিশাল জনসংখ্যার কারণে ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশই ভারতীয়। আর তাই সামাজিক মাধ্যমটিতে ভারতের বিভিন্ন ঘটনা ও খবরাখবর শেয়ারও হয় বেশি। তবে এর অধিকাংশই ভুয়া খবর ও বিদ্বেষমূলক পোস্ট।
সম্প্রতি ভারতের ফেসবুক ব্যবহারকারীদের পর্যবেক্ষণমূলক প্রতিবেদন ‘ফেসবুক পেপারস’ প্রকাশিত হওয়ার পর এসব তথ্য সামনে আসে। বিবিসি জানায়, ভারতে ফেসবুক যেন গুজব, ঘৃণা ও সহিংসতামূলক পোস্টের বাজার। আর নিউইয়র্ক টাইমস বলছে, সাংস্কৃতিক সংবেদনশীলতা না থাকায় ভারতের পরিস্থিতির অবনতি ঘটেছে।
বিবিসি জানায়, ফেসবুকে কনটেন্টের সত্য যাচাইয়ে ভারতে ফেসবুকের সঙ্গে ১০টি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান কাজ করছে। ইংরেজিসহ ১২টি ভাষায় এসব তথ্য বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রের বাইরে ফেসবুকের সবচেয়ে বড় নেটওয়ার্ক এটি।
তবে গবেষকরা জানান, ভারতের এসব ভুয়া খবরের এই বন্যা প্রতিরোধে হিমশিম খাচ্ছে সামাজিক মাধ্যমটি। ভারতের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীসহ অসংখ্য পেজ ও গ্রুপ মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক তথ্য ছড়াচ্ছে। তাই এমন পরিস্থিতিতে গবেষণা প্রতিবেদন অনুযায়ী ভারতীয়দের পোস্ট যাচাই প্রক্রিয়াটি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।




































