ওড়িশায় আঘাত হানার পর দুর্বল হয়ে ভারতের দক্ষিণ গুজরাট উপকূলে অবস্থান করছিল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব। এবার গুলাবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপ উত্তর আরব সাগরে সৃষ্টি করছে আরেকটি ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কাতারের দেওয়া নামানুসারে এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘শাহিন’।
শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড় শাহিন শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে পাকিস্তানের দিকে। মারকান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের উপকূলে সরাসরি আঘাত না হানলেও শাহিনের প্রকোপে বিরূপ আবহাওয়া সৃষ্টি হতে পারে। তাই বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিপদ সংকেত জারি হয়েছে সৌরাষ্ট্র, কোঙ্কণ, উত্তর গুজরাত এবং কচ্ছ উপকূলে।
শাহিনের প্রভাবে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যেতে পারে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে দুই রাজ্যের জনজীবন।
এছাড়া ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবে আরব সাগর ও ভারত মহাসাগরে ১ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি হয়েছে।
চলতি বছরে আরব সাগরে সৃষ্ট হতে যাওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় শাহিন। এর আগে মে মাসে ঘূর্ণিঝড় তকতের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের পশ্চিম উপকূল।


































