দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ার মধ্যকার স্নায়ুযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। এবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার টানাপড়েনও একই দিকে মোড় নিচ্ছে বলেই আশঙ্কা করছে জাতিসংঘ।
সম্ভাব্য স্নায়ুযুদ্ধের আশঙ্কায় চীন ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, দুই দেশের মধ্যকার ‘অকার্যকর’ সম্পর্ককে পুনরুদ্ধার করতে হবে। অন্যথায় দুই প্রভাবশালী দেশের মধ্যকার সমস্যা অন্যান্য দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে।
বিশ্বনেতাদের সঙ্গে বার্ষিক জলবায়ু সম্মেলনের আগে এমন উদ্বেগ জানান জাতিসংঘ প্রধান। গুতেরেস বলেন, “বিশ্বের দুটি প্রধান অর্থনৈতিক শক্তির জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা করা উচিত। বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা করা উচিত। তবে দুর্ভাগ্যক্রমে, আজ তারা কেবল লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে।”
জলবায়ু পরিবর্তনের ও করোনা মোকাবেলায় লক্ষ্যে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা। তাই সম্মেলনের আগে সব দেশের সুসম্পর্ক প্রত্যাশা করছেন জাতিসংঘ মহাসচিব।



























