ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে জাহাজ ডুবিতে ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির উপকূলরক্ষী ও পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ইতালির উপকূলের স্টেকাটো ডি কুত্রর কাছে এই জাহাজডুবির ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ইতালির কোস্ট গার্ড বলেছে, “বর্তমানে মোট ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে আসতে পেরেছেন। এছাড়া উপকূল বরাবর এলাকা থেকে ৪৩ টি মরাদেহ উদ্ধার করা হয়েছে। সাগরে জীবিত আর কেউ আছে কিনা তার সন্ধান চলছে।”
ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে পাথরে সঙ্গে ধাক্কার পর জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ১২০ জনের মতো ছিল।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে এ ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন।
ইতালির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, জাহাজটিতে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।





































