পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলা করে অস্ত্র ও গোলাবারুদ লুট করে পালিয়েছে জঙ্গিরা। এ সময় পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে তারা।
স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, গত সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে জঙ্গিরা রকেট লঞ্চার এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। তারা তালেবান জঙ্গি বলে জানানো হয়েছে।
দ্য ডনকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনায় জিম্মি থাকা পুলিশ কর্মকর্তা রেহমান ওয়াজির বলেছেন, প্রায় ৫০ জন জঙ্গি, পুলিশ স্টেশনটির সামনের ফটক বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে রকেট লঞ্চার ছিল। সেখানে তখন ২০ জনের মতো পুলিশ সদস্য অবস্থান করছিলেন। পুলিশ সদস্যরা কিছুক্ষণ জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেন। এরপর তাদের জিম্মি করা হয়।
এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা যায়। থানায় হামলা হওয়ার পর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে প্রচুর রকেট ও গ্রেনেড ছোড়া হয়েছে। হামলা শেষে জঙ্গিরা অস্ত্রশস্ত্র লুট করে একটি পুলিশ ভ্যান নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ বলছে, জঙ্গিরা ৮টি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়েছে।




































