মমতার অভিযোগ

‘নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১০:০২ পিএম
‘নন্দীগ্রামে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল’

বিধানসভা নির্বাচনে নিজ আসন নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ নিয়ে এর আগে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে দুষেছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল কনফারেন্সে একই অভিযোগ করেছেন মমতা নিজেই।

শনিবার সভায় মমতা বলেন, “সিপিএম আমাকে খুন করার চেষ্টা করেছিল… নন্দীগ্রামে তো আমাকে খুন করার চেষ্টা করেছিল, পারেনি।”

এ সময় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, “আমার পা নিয়ে এখনো ভুগছি। যত দিন বাঁচব মানুষের মতো বাঁচব, যে দিন যাব, সে দিন সিংহশাবকের মতো যাব।’’

১০ মার্চ নন্দীগ্রামের রেয়াপাড়া মন্দিরের কাছে প্রচারে গিয়ে আঘাত পান মমতা। পরে তার পায়ে প্লাস্টার করা হয়।

হুইলচেয়ারে বসেই ভোটে প্রচার করেন তিনি। রাজ্যে তৃণমূলের কাছে বিজেপির ভরাডুবি হলেও মমতা জয় পাননি নিজ আসনে।

মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, নন্দীগ্রামের মানুষ মমতার অভিযোগের জবাব দিয়েছেন ভোটের মাধ্যমেই।

Link copied!