ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (মওইউ) তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো স্থগিত করছে।
ইরানের ফার্স নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের
গরিবাবাদি বলেছেন, “যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারক বা চুক্তির পরিকাঠামোতে দেওয়া প্রতিশ্রুতির সবগুলোই লঙ্ঘন ও স্থগিত করেছে। তারা অব্যাহত হামলা চালাচ্ছে আর ইরান দেশ রক্ষার কাজে ব্যস্ত আছে। তাই তেহরানও তাদের দেওয়া সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করছে।”
আল জাজিরা লিখেছে, ইরানি কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিলেন আর অগ্রাসন অব্যাহত থাকলে কিছু শর্ত আরোপ করা হবে বলে সতর্ক করছিলেন।
কিন্তু এবার ইরানের কারিগরি আলোচক দলের প্রধান গরিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কার্যত সব প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে আর সমঝোতা স্মারক পুরোপুরি স্থগিত করেছে।
“আর তাই আমরাও আমাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছি আর আমরা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবো না,” বলেছেন তিনি।
ফলে আনুষ্ঠানিকভাবে ইরান এই প্রথমবারের মতো সমঝোতা স্মারক ‘শেষ হয়ে গেছে’ আর তারা এর কোনো ধারাই বাস্তবায়ন করতে যাচ্ছে না বলে জানালো।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। এ দিন সকালে যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রায় পুরো পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। ইরান পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে আর বিশ্বের তেল, গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয়।
প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর স্থায়ী যুদ্ধবিরতি ও যুদ্ধ শেষ করার লক্ষ্যে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ১৭ জুন দুপক্ষের মধ্যে এক অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো ও এ সময়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুপক্ষের মধ্যে ধারাবাহিক বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে দুপক্ষ ফের লড়াইয়ে জড়িয়ে পড়ে আর তাতে যুদ্ধবিরতি ভেস্তে যায়। এখন তাদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিও কার্যত ‘শেষ হয়ে গেছে’ বলে ধারণা করা হচ্ছে।






































