মেক্সিকো জুড়ে সহিংসতা, ২৫ ন্যাশনাল গার্ড নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:১৭ এএম
 মেক্সিকো জুড়ে সহিংসতা, ২৫ ন্যাশনাল গার্ড নিহত

মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহতের পর দেশজুড়ে শুরু হওয়া ভয়াবহ সহিংসতায় ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছে।

সোমবার মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। গত রোববার মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার কিছুক্ষণ পরই হেফাজতে থাকা অবস্থায় মারা যান এল মেনচো।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মেক্সিকোর অন্তত ২০টি রাজ্যে চরম অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা।

অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত হয়েছে এবং সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া সহিংসতার ঘটনায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এল মেনচোর নেতৃত্বাধীন ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন। তাদের নেতার মৃত্যুর প্রতিবাদে কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব শুরু করেছে।

তারা রাস্তায় পেরেক ও কাঁটা ছিটিয়ে এবং বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে। অনেক শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়েছে।

সহিংসতার আতঙ্কে রোববার অনেক শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই অভিযানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘‘তার প্রধান লক্ষ্য হলো দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। শেইনবাউম আশ্বস্ত করে বলেন, “পরিস্থিতি শান্ত রয়েছে, দেশে সরকার ও সশস্ত্র বাহিনী সক্রিয় রয়েছে এবং সব স্তরে সমন্বয় বজায় রাখা হচ্ছে।”

সোমবার সকালের মধ্যে বেশিরভাগ সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

Link copied!