বলিউডে বহু বছর ধরেই আলোচিত অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার অন-স্ক্রিন রসায়ন এবং তাদের ঘিরে ওঠা নানা গুঞ্জন। এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুনীল দর্শন। তার দাবি, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতা নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের প্রভাব পড়েছিল অক্ষয়ের পারিবারিক জীবনেও। আর এর ফলে বদলে যায় সুনীল দর্শনের ছবি ‘বরসাত’-এর নায়ক।
এক সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান, ২০০৫ সালের ছবি ‘বরসাত’-এর জন্য প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারকে নিয়ে টাইটেল গানের শুটিং করা হয়েছিল। এরপর অন্য কাজের কারণে কয়েক মাসের বিরতির পর শুটিং আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখনই অক্ষয় কুমার শুটিং স্থগিত রাখার অনুরোধ জানান।
সুনীল দর্শনের ভাষ্য, ১০০ জনের শুটিং ইউনিট প্রস্তুত থাকার কারণে তার পক্ষে শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না। এ সময় অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তার দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দুজনকে আর একসঙ্গে কাস্ট করা সম্ভব হয়নি।



























