মাইগ্রেনের ব্যথা কমবে ৬ উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:১৩ পিএম
মাইগ্রেনের ব্যথা কমবে ৬ উপায়ে

মাথায় ব্যথা থাকলে কোনো কাজই ঠিকভাবে করা যায় না। আর সেটা যদি হয মাইগ্রেনের ব্যথা, তবে তো রক্ষে নেই। পর্যাপ্ত বিশ্রাম আর এবং ওষুধের মাধ্যমে ব্যথাকে নিয়ন্ত্রণ করতে হয়।

চিকিতসকরা বলেন, মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথা। এটি মাথার যেকোনও এক পাশ থেকে শুরু হয়ে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। এটি মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত করে। মস্তিষ্কের বাইরের আবরণে যে ধমনিগুলো রয়েছে, সেগুলো মাথা ব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। ফলে রক্তপ্রবাহ ব্যাহত হয়েই ব্যথা শুরু হয়।

অনেক সময় খাওয়া থেকেও মাথা ব্যথা হতে পারে। কী খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন তাও গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি খুব ঠান্ডা কিছু খেয়ে ফেলা কিংবা অনেকক্ষণ না খেয়ে থাকা দুটোই মাথা ব্যথার কারণ। তাই মাইগ্রেনের ব্যথা খাদ্যভ্যাসের উপরও নির্ভর করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি হয়ে ওঠে। এর পাশাপাশি জীবনধারা এবং খাদ্যাভ্যাসের দিকেও নজর রাখতে হবে।

মাইগ্রেন ব্যথা হলে বা মাইগ্রেন ব্যথা না হওয়ার জন্য় বেশকিছু খাবার খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। তা জানাব এই আয়োজনে_

  • কফি খেলে অনেকেরই মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। কিন্তু অনেকের আবার কফি খেলেই মাথা ব্যথা কমে। তাই ব্যথা শুরু হলে এক কাপ কালো কফি খেয়ে দেখতে পারেন। আপনার ক্ষেত্রে প্রতিক্রিয়া যেমন হচ্ছে তাই মেনে চলুন। সমস্যা হলে খাবেন না। আর ব্যথা কমে গেলে এটা প্রায়ই খেয়ে দেখতে পারেন।
  • শরীর হাইড্রেটেড রাখতে ভেষজ চা খেতেই পারেন। এটি মাথা ব্যথা কমায়। 'ইন্টারন্যাশন্যাল জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন' প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, পিপারমিন্ট-টি মাইগ্রেনের জন্য উপকারী। তাই মাথা ধরার প্রবণতা বুঝলেই পিপারমিন্ট-টি খেয়ে নিতে পারেন।
  •  খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করা মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। এতে মাথা ব্যথা শুরু হয়। এটি মাইগ্রেনের ব্যথায় পরিণত হতে পারে। এর জন্য কলা খেতে পারেন। ম্যাগনেশিয়ামের ভরপুর থাকে ফলটি। কলা খেলে খুব দ্রুত এনার্জি পাবেন। মাইগ্রেনের সম্ভাবনাও কমবে।
  • শরীরে পানির পরিমাণ কমে গেলেও মাথা ব্যথা শুরু হয়। পানি বেশি খেলে মাইগ্রেন অ্যাটাকের সম্ভাবনা কমে। তবে শরীর হাইড্রেটেড রাখতে বেশি পরিমাণে পানি পান করুন। তরমুজ খেতে পারেন। এতে ৯২ শতাংশ পানি থাকে। তাই খিদে পেলে তরমুজ খান।
  • হজমের গন্ডগোল বা পেটের অন্য সমস্যা থেকেও মাথা ব্যথা হয়। যা মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই মাশরুম, ডিম বা বাদামের মতো খাবার খান। এতে প্রচুর পরিমাণে রিবোফ্ল্যাবিন রয়েছে। প্রতিদিন এগুলো খাবেন।
  • শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে মাইগ্রেনের ব্যথা হতে পারে। প্রতিদিন খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখুন। সকালে বাদাম খেলে উপকার পাবেন। স্যালাডের সঙ্গে ফ্ল্যাক্সসিড, চিয়া সিডও মিশিয়ে খেতে পারেন। এর ফলেও মাথার যন্ত্রণাও শিগগিরই কমে যেতে পারে। 
Link copied!