চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭৯৭
দেশে হামের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত চার মাসের কিছু বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন রয়েছে।
এর আগে গত ২৬ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ছিল ৭০২। মাত্র ২৬ দিনের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ৭৯৭-এ পৌঁছেছে।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার আট শিশু। তাদের মধ্যে পরীক্ষায় ১৩০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৭০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।







































