বলিউড তারকা শাহিদ কাপুর এবং আনুশকা শর্মা একসাথে উপহার দিয়েছিলেন জনপ্রিয় কমেডি-ড্রামা বদমাশ কোম্পানি। পর্দায় তাদের কেমিস্ট্রি দর্শক পছন্দ করলেও সিনেমাটির প্রচারণার সময় ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
একটি লাইভ সাক্ষাৎকারের সময় ক্যামেরার সামনেই মারাত্মক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দুই তারকা। একপর্যায়ে মেজাজ হারিয়ে শাহিদকে সরাসরি শাট আপ বলে বসেন আনুশকা! সম্প্রতি সেই পুরোনো ভিডিও ক্লিপটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
টিভি চ্যানেল জুম-কে দেওয়া সেই সাক্ষাৎকারে শাহিদ কাপুর, আনুশকা শর্মা ও মেয়াং চ্যাং উপস্থিত ছিলেন। কথা প্রসঙ্গে শাহিদ মজার ছলে সহ-শিল্পী চ্যাংকে উদ্দেশ্য করে বলেছেন, তুই এভাবে কথা বলতে থাকলে তো আরও বড় বড় সিনেমায় সুযোগ পাবি, সাবাশ! জবাবে চ্যাং উত্তর দেন তার অত বড় সিনেমা করার দরকার নেই। তখন শাহিদ আবার খোঁচা দিয়ে বলেছেন, ‘সিনেমাটা রিলিজের পরও তো কথাটা বলতে পারতি, এখন এত আগ্রহ দেখাচ্ছিস কেন?
সহ-শিল্পী চ্যাংকে এভাবে চেপে ধরতে দেখে চুপ থাকতে পারেননি আনুশকা। তিনি শাহিদকে থামিয়ে দিয়ে বলে ওঠেন, ‘তুমি তো আর ওকে সিনেমায় কাস্ট করোনি, তাই না?
আনুশকার এই মাঝখানে কথা বলা মোটেও পছন্দ হয়নি শাহিদের। ক্যামেরার সামনেই বিরক্তি প্রকাশ করে তিনি আনুশকাকে বলেছেন, আমরা দুজন কথা বলছি, এর মাঝে তুমি হুট করে লাফিয়ে পড়ছ কেন
জবাবে আনুশকা জানান, শাহিদ যেভাবে সবাইকে মিলিয়ে ঢালাও মন্তব্য করছিলেন, তা তার ঠিক মনে হয়নি। কিন্তু শাহিদ থামেননি; তিনি বলেছেন, আমি তো চ্যাংয়ের সাথে কথা বলছিলাম, তোমার সাথে নয়। এরপর শাহিদ খোঁচা মেরে যোগ করেন যে, অন্যের কথার মাঝে নাক গলানো আনুশকার পুরোনো অভ্যাস!
শাহিদের মুখে এই কথা শুনতেই চরম ক্ষেপে যান আনুশকা শর্মা। ক্যামেরার তোয়াক্কা না করেই চেঁচিয়ে বলে ওঠেন শাট আপ, শাহিদ!
হুট করে এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সাক্ষাৎকারটি তড়িঘড়ি করে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনুরাগী ও দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, ‘বদমাশ কোম্পানি’ সিনেমার প্রচারণার স্বার্থে বা হাইপ তুলতে হয়তো এটি একটি সাজানো নাটক বা প্রাঙ্ক ছিল। তবে আজ পর্যন্ত শাহিদ বা আনুশকা কেউই এই ঘটনা নিয়ে মুখ খোলেননি।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বদমাশ কোম্পানি’ সিনেমাটি পরিচালনা করেছিলেন পারমিত শেঠি এবং প্রযোজনা করেছিল যশ রাজ ফিল্মস। নব্বইয়ের দশকের বোম্বাইয়ের চার বন্ধুর গ্যাং এবং তাদের রাতারাতি ধনী হওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিল।
































