ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৩৮ পিএম
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

ভারতের জয়পুর শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩০ বছর।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মানসরোবর এলাকার শিপরা পথ রোডে, নগর নিগম অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হর্ষিল তার ওয়াগন-আর গাড়ি চালিয়ে কাজ শেষে বাসায় ফিরছিলেন।

একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড আঘাতে তিনি মাথায় গুরুতর চোট পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হর্ষিল কালিয়া ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী—অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন।

ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ক্রাইম নেক্সট ডোর-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন।

এছাড়া ‘হাট পাগলি’সহ একাধিক রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তার উপস্থিতি ছিল। মডেলিংয়েও সফল ছিলেন তিনি—২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’-এ ফার্স্ট রানার-আপ এবং ‘মিস পিঙ্ক সিটি’-এর ফাইনালিস্ট হন।

তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!