মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দৃশ্যম ৩-এর মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২ এপ্রিলের পরিবর্তে ছবিটি এখন আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহনলাল জানান, তার জন্মদিনেই দর্শকদের সামনে ফিরছে বহুল আলোচিত চরিত্র জর্জকুট্টি। নতুন প্রকাশিত পোস্টারে জানালার পাশে চিন্তামগ্ন অবস্থায় জর্জকুট্টিকে দেখা গেছে। পোস্টারের বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে— অতীত কখনো নীরব থাকে না, বরং সময়ের অপেক্ষায় থাকে।
মুক্তির তারিখ পরিবর্তনের পেছনে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কারণ জানানো না হলেও, আন্তর্জাতিক বাজার—বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালায়ালাম চলচ্চিত্রের জন্য মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ব্যবসায়িক দিকও প্রাধান্য পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় কিস্তিতে গল্পের ধরণে কিছুটা ভিন্নতা আসতে পারে। তবে আগের মতোই অপরাধ ও তার পরিণতির টানটান উত্তেজনা গল্পের মূল সুর হিসেবে বজায় থাকবে।
এদিকে, এই ছবির হিন্দি সংস্করণেও অভিনয় করবেন অজয় দেবগন। তবে সেটি মুক্তি পাবে মালায়ালাম সংস্করণের অন্তত ছয় মাস পর, ২০২৬ সালের অক্টোবরে।

































