নিজের সিনেমার টিকিট পাচ্ছেন না মাশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৫৪ পিএম
নিজের সিনেমার টিকিট পাচ্ছেন না মাশা

ঈদের ছবিতে অভিনয় করেও নিজের সিনেমার টিকিট পাচ্ছেন না সংগীতশিল্পী মাশা ইসলাম। এবার বড় পর্দায় তার অভিষেক হয়েছে বনলতা এক্সপ্রেস সিনেমার মাধ্যমে, যা নির্মাণ করেছেন তানিম নূর। ছবিটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।

ঈদের দিন থেকেই পরিবার নিয়ে সিনেমাটি দেখার চেষ্টা করছেন মাশা, তবে এখনো টিকিট পাননি। বিভিন্ন প্রেক্ষাগৃহে খোঁজ নিয়েও হতাশ হতে হয়েছে তাকে। নিজের অভিনীত ছবির টিকিট না পাওয়া—এমন মজার বিড়ম্বনায় পড়েছেন তিনি।

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূরসহ আরও অনেকে। তাদের সঙ্গে একটি ছোট চরিত্রে দেখা যাচ্ছে মাশাকেও।

নিজের অভিনয় নিয়ে মাশা বলেন, তার চরিত্রটি ছোট হলেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। বন্ধুদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি।

এই কাজের অভিজ্ঞতা নিয়ে মাশার ভাষ্য, হুমায়ূন আহমেদের গল্পের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যে কোনো শিল্পীর জন্যই বিশেষ। যদিও আগে বহুবার অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এই কাজটির প্রতি আলাদা টান অনুভব করেই অভিনয়ে যুক্ত হন তিনি।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই শোবিজে যুক্ত মাশা ইসলাম। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর-এও কণ্ঠ দিয়েছেন। দীর্ঘদিন পর্দার পেছনে কাজ করার পর এবার বড় পর্দায় তার অভিষেক হলো।

Link copied!