দুপুরের মধ্যে দেশের ১৩টি অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। একইসঙ্গে রাজধানী ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
মঙ্গলবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।





























