চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১২:৩৫ পিএম
চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ও চেন্নাইয়ে জটিল অস্ত্রোপচার। দীর্ঘ দশ মাসের সংগ্রাম পেরিয়ে অবশেষে সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসকেরা একপর্যায়ে তার আয়ুষ্কাল সাড়ে চার থেকে পাঁচ বছর বলে আশঙ্কা প্রকাশ করলেও, সেই সমস্ত ভয় ও কঠিন চিকিৎসাপদ্ধতি পেছনে ফেলে অবশেষে সুস্থতার পথে হেঁটেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফিরে এটিকে নিজের ‘দ্বিতীয় জন্ম’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শারীরিক অসুস্থতা, দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া এবং শুটিংয়ে ফেরার অনুভূতি নিয়ে বিস্তারিত কথা বলেন তানিয়া বৃষ্টি।

গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিং চলাকালীন হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হয় তানিয়া বৃষ্টির। ব্যথা নিয়েই টানা চার দিন কাজ চালিয়ে যাওয়ার পর পঞ্চম দিনে তীব্র বমি শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার রিপোর্টে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

শুরুতে ঢাকায় অস্ত্রোপচার হলেও জটিলতা বাড়ায় তাকে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার একজন অনকোলজিস্ট যখন জানান যে তার আয়ুষ্কাল হয়তো আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, তখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি।

দ্বিতীয় অস্ত্রোপচারের সময় পরিস্থিতি এতটাই সংকটাপন্ন হয়ে পড়েছিল যে তাকে লাইফ সাপোর্টে পর্যন্ত রাখতে হয়েছিল। তবে মা ও বোনের নিরলস সেবা, পরিবার ও সহকর্মীদের প্রার্থনা এবং নিজের মানসিক জোর তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে বলে জানান তিনি।

চিকিৎসকদের কড়া পরামর্শ এবং এখনও দুই মাসের কেমোথেরাপির কোর্স বাকি থাকা সত্ত্বেও ঘরে বসে মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কায় চিকিৎসকদের অনেক অনুনয়-বিনয় করে শুটিংয়ে ফেরার অনুমতি নিয়েছেন তানিয়া।

সম্প্রতি পরিচালক ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি। পারিবারিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে তাকে ‘সুমি’ নামের একটি চরিত্রে দেখা যাবে, যেখানে বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তার চরিত্রটি। প্রথম দিনের শুটিংয়ে পরিচালক, ক্যামেরাম্যান থেকে শুরু করে পুরো প্রযোজনা দল তার শারীরিক অবস্থার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন।

মাথায় অস্ত্রোপচারের পর শারীরিক নানা কষ্ট পেরিয়ে আজ অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১২ সালের মতো একই উদ্দীপনা নিয়ে তিনি জীবনকে নতুনভাবে সাজাতে চান।

অসুস্থতার সময়ে ছড়ানো অপমৃত্যুর গুজবকে পেছনে ফেলে জটিল রোগে আক্রান্তদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, রোগের নাম শুনে মনোবল না হারিয়ে দৃঢ় মানসিক শক্তি, সঠিক খাদ্যাভ্যাস ও পরিবারের সমর্থন নিয়েই এই কঠিন লড়াইয়ে জয়ী হতে হবে।

Link copied!