সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা অধরা খান। সেখান থেকে মঙ্গলবার (১৯ জুন) নিজের সোশ্যাল হ্যান্ডেলে শরীরী আবেদনময়ী কিছু ছবি শেয়ার করেছেন ভ্রমণপ্রিয় এই চিত্রনায়িকা। সিঙ্গাপুরের লাভেন্ডার স্ট্রিট থেকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন- “ঈদের ছুটি...”। ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে।

অধরা খান অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার ‘ঋতুকামিনী’ নামে নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা। ‘ঋতুকামিনী’ ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। রাজধানীর অদূরে গাজীপুর পূবাইলের গ্রামীণ লোকেশনে দৃশ্য ধারণ হয়েছে।
সিনেমার গল্পও গ্রামীণ পটভূমিতে লেখা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। তার চরিত্র একজন সহজ-সরল গ্রামের মেয়ে। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

এই সিনেমা প্রসঙ্গে অধরা বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ সরল একটি মেয়ে। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা দারুণ অভিজ্ঞতা। আশা করছি, মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।’
এদিকে, অধরা কিছুদিন আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়াও তার হাতে আরও একাধিক সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শুটিংও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।






































