হ্যারি কেইনের পরা একটি জার্সি এবার উঠেছে নিলামে। ঐতিহাসিক এক ম্যাচে পরা বায়ার্ন মিউনিখের সেই জার্সিটি কিনতে ৫৫ হাজার ইউরো (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৭৬ লাখ টাকা) খরচ করেছেন সিঙ্গাপুরের এক ভক্ত। নিলামে তাকে টক্কর দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ক্রেতা। তবে তার সর্বোচ্চ ৫০ হাজার ইউরোর প্রস্তাব ছাড়িয়ে শেষ পর্যন্ত জার্সিটি কিনে নেন সিঙ্গাপুরের ওই ভক্ত।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, জার্মান লিগে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে এই জার্সিটি পরেছিলেন কেইন। ম্যাচটিকে ঐতিহাসিক করে তুলেছিল ইংলিশ স্ট্রাইকারের একটি মাইলফলকও।
ওই ম্যাচে জার্মান লিগে নিজের ১০০তম গোল করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচেই শততম গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ড গড়েন তিনি। এর আগে রেকর্ডটি ছিল কোলনের কিংবদন্তি ডিয়েটার মুলারের দখলে। ১২৯ ম্যাচে ১০০ গোল করেছিলেন তিনি।
শততম গোলের পরও থামেননি কেইন। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে আরও একটি গোল করে জার্মান লিগে তার গোলসংখ্যা দাঁড় করান ১০১-এ।
জার্সিটির বিশেষত্ব অবশ্য শুধু কেইনের রেকর্ডেই নয়। মিউনিখের বিখ্যাত অক্টোবরফেস্ট উৎসব উপলক্ষে বিশেষভাবে তৈরি করা হয়েছিল জার্সিটি। পুরো মৌসুমে মাত্র একটি ম্যাচেই এই কিট ব্যবহার করেছিল বায়ার্ন। ফলে সংগ্রাহকদের কাছে এর মূল্য আরও বেড়ে যায়।
নিলামের পুরো অর্থ অবশ্য বায়ার্নের কোষাগারে যাচ্ছে না। আয়ের একটি অংশ যাবে এফসি বায়ার্ন হিলফে ফাউন্ডেশনে। কঠিন পরিস্থিতির মধ্যে পড়া মানুষদের সহায়তা করে থাকে সংগঠনটি।
বায়ার্নের আরও কয়েকজন তারকার জার্সিও নিলামে উঠেছিল। তবে কেইনের জার্সির কাছাকাছিও যেতে পারেনি সেগুলোর দাম। জামাল মুসিয়ালার জার্সি বিক্রি হয়েছে ৭ হাজার ২৯২ ইউরোতে(বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা), আর মাইকেল ওলিসের জার্সির দাম উঠেছে ৫ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা)।
কেইনের জার্সিটি তাই শেষ পর্যন্ত শুধু একটি ক্রীড়া সামগ্রী থাকেনি। জার্মান ফুটবলে তার অন্যতম স্মরণীয় মুহূর্তের স্মারক হয়ে ওঠায় এর দামও উঠেছে আকাশচুম্বী।



















