‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১২:৪৪ পিএম
‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

আগেই জানা গিয়েছিল, ৭ নভেম্বর নিজের গাওয়া তৃতীয় গান নিয়ে হাজির হবেন নুসরাত ফারিয়া। কথা মতো, নতুন গান ‘হাবিবি’ নিয়ে হাজির হয়েছেন তিনি। এদিন দুপুরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

ফারিয়ার গানের ভিডিওচিত্রে বরাবরই ধামাকা নাচ থাকে, যা তার আগের দুই গানে দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সঙ্গে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।

ফারিয়া জানান, এবারের গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে। 

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার, আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে। 

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

গানটি দেখুন:

Link copied!