ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এ বিমান দুর্ঘটনা ঘটে।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মেরিলিয়া মেনডোকা জনপ্রিয় হয়েছিলেন।
জানা গেছে, কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন মেনডোকা। ২০১৬ সালেই তিনি জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কার নিজের ঝুলিতে ভরেন।
করোনাভাইরাসের কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে অনলাইনে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া মেনডোকা। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চসংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীর, তার মধ্যে তিনি অন্যতম।





































