বলা যায়, সোনার চামচ মুখে নিয়ে জন্ম শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। আর সেকারণে কারাগারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। মাদক মামলায় জড়িয়ে কারাগারে তার সময়টা ভালো কাটছে না। খেতে পারছেন না। কারও সঙ্গে কথা বলছেন না। আর এতেই তার স্বাস্থ্য ও হাইজিন নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারতের মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ।
সম্প্রতি জানা গেছে, জেলের ভেতরে আরিয়ানের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। স্পেশাল ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে। যেখানে তার ওপর ২৪ ঘণ্টাই নজর রাখছেন পুলিশ কর্তারা।
ভারতীয় পত্রিকার খবর, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদ ছাড়া জেলে আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও তার সমস্যা হচ্ছে। অন্যদিকে সেখানকার খাবার না খাওয়ায় স্বাস্থ্যঝুকিতে আছেন শাহরুখ তনয়। যদিও ক্যান্টিন খরচ বাবদ সাড়ে চার হাজার রুপি পরিবারের কাছে থেকে পেয়েছেন তিনি। কিন্তু খাবারে তার অনীহা বেশি চিন্তায় ফেলেছে কারা কর্তৃপক্ষকে।
অন্যদিকে, এই মুহূর্তে জেলে কাউন্সিলিং চলছে ২৩ বছর বয়সী আরিয়ানের। এনসিবির নিয়ম অনুযায়ী, মাদক-কাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হলে তার কাউন্সিলিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়। শোনা যাচ্ছে, কাউন্সিলিংয়ের সময় যথেষ্ট সহযোগিতাও করছেন আরিয়ান।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগাম প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখান থেকে আরিয়ানসহ অনেককে আটক করে তারা। প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ১৭ জনকে গ্রেফতার করে এনসিবি।




































