ক্রিকেটের ২২ গজে বল ঘুরিয়ে ব্যাটারকে কুপোকাত করে দেওয়া হরভজন সিং আবির্ভূত হচ্ছেন নতুন পরিচয়ে। ক্রিকেট মাঠ থেকে রুপালি পর্দায় নেমে পড়েছেন তিনি। তার অভিনীত ‘ফ্রেন্ডশীপ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে দেখা যাবে এটি। টুইট করে হরভজন নিজেই তথ্যটি জানিয়েছেন।
তামিল, তেলেগু ও হিন্দি এই তিন ভাষায় মুক্তি পেতে চলেছে ‘ফ্রেন্ডশীপ’। পরিচালকের আসনে রয়েছেন পল রাজ ও সুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন অর্জুন এবং শ্রীলঙ্কান অভিনেত্রী লেসলিয়া মারিয়ানেসন।
গত বছরই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু মহামারি এবং লকডাউনের কারণে ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে।
জানা গেছে, এই সিনেমায় এক কলেজপড়ুয়ার চরিত্রে অভিনয় করেছেন হরভজন। কলেজের দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘ফ্রেন্ডশীপ’-এর গল্প। এরই মাঝে একসময় প্রবেশ করে প্রভাবশালী এক রাজনীতিবিদ। এরপর নানা বাঁক নেয় সেই গল্প।
এর আগে অভিনয় করা নিয়ে এক সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, ক্রিকেট তার প্রথম পছন্দ। তবে অভিনেতা হিসেবে অভিষেক করতে পেরে তিনি খুব খুশি।
টিজার দেখুন—

































