• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ছেলের মাদক-কাণ্ডে বন্ধ হলো শাহরুখের বিজ্ঞাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:৫৭ পিএম
ছেলের মাদক-কাণ্ডে বন্ধ হলো শাহরুখের বিজ্ঞাপন

ছেলে আরিয়ান খান মাদক-কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর একপ্রকার নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন বাবা শাহরুখ খান। শুটিং করছেন না। ছেলেকে ছাড়ানোর জন্য দৌড়ঝাঁপ করছেন সারা দিন।

এদিকে আরিয়ানের মাদক-কাণ্ডে প্রভাব ফেলেছে শাহরুখের ক্যারিয়ারে। তার অভিনীত সব বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছে ছোটদের শিক্ষা, প্রযুক্তিসংক্রান্ত অনলাইন কোচিং অ্যাপ ‘বাইজু’। 

২০১৭ সাল থেকে ‘বাইজু’র সঙ্গে যুক্ত কিং খান। বাইজুর একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে এ অভিনেতাকে। বিভিন্ন গণমাধ্যমে অগ্রিম বুকিং থাকার পরেও বাইজুর সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে লাগাতার আক্রমণের মুখে ‘বাইজু’ এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপনগুলোতে শাহরুখ অভিভাবকদের বুঝিয়েছেন তাদের সন্তানের পড়াশোনা, বিকাশের জন্য ‘বাইজু’ কতটা কার্যকর। এই অ্যাপের প্রচার করে প্রতিবছর ৩ থেকে ৪ কোটি টাকা আয়ও করেন শাহরুখ। 

ভবিষ্যতে তাদের বিজ্ঞাপনে শাহরুখকে দেখা যাবে কি না, তা এখনো জানায়নি বাইজু। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে এ অভিনেতাকে বাদ দেওয়ার বিষয়েও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

Link copied!