আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০২:০৪ পিএম
আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শনিবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ পুরস্কার। এবারের আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হবে দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে।

১৯৬৪ সালে রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

তিনি প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে ‘আয়না ও অবশিষ্ট’তে। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লেখাতেও অত্যন্ত দক্ষতার পরিচয় দেন তিনি। ১৯৮২ মুক্তি পায় তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘নানটু ঘটক। ৪১টি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি, যার অধিকাংশই দর্শকনন্দিত।

২০০২ সালে ‘একুশে পদক’ এবং ২০২১ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করেন গাজী মাজহারুল আনোয়ার। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন। জাপান বাংলাদেশ ডটকম অ্যাওয়ার্ড, নিগার অ্যাওয়ার্ড পাকিস্তান এবং ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১২১টির অধিক। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে আরটিভির আজীবন সম্মাননা।

২ অক্টোবর বিকেল ৫টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুম থেকে আরটিভি চ্যানেল এবং আরটিভি ফেসবুক পেজ ও আরটিভি ইউটিউবে ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় ঠাঁই পায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান। এগুলো হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে আমায় বল’।

এছাড়া তার লেখা কালজয়ী গানের তালিকায় রয়েছে ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতি।

Link copied!