অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ। পুরো নাম মুহাম্মাদ মাসুম আজিজ। জন্ম ১৯৫২ সালে পাবনার ফরিদপুর উপজেলায়। ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।
হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘উড়ে যায় বকপক্ষী’তে অসাধারণ অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০-এর অধিক নাটকে অভিনয় করেছেন।
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা ২০০৫ সালে ‘মমতাজ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১০ সালে ‘গহীনে শব্দ’, ২০১৪ সালে ‘গাড়িওয়ালা’ ২০১৫ সালে ‘এই তো প্রেম’ তাঁর প্রশংসিত কিছু চলচ্চিত্র। এছাড়াও ‘গেরিলা, লালচর, রুপগাওয়াল, ইন্দুবালা, বস্তির ছেলে কোটিপতি, ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ।
একজন অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন আজিজ। ২০১৮ সালে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। সর্বশেষ তাঁর রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্য সেন।
গায়ক হিসেবেও মাসুম আজিজ খ্যাতি পান। তাঁর দরাজ কণ্ঠে প্রকাশ পায় ভূপেন হাজারিকার গান। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
অভিনয়ের অবদান স্বরূপ ২০২২ সালে একুশে পদক অর্জন করেন মাসুম আজিজ।
























