ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা বুবলী। তার পুরো নাম শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির একজল সফল অভিনেত্রী তিনি। ১৯৮৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে জন্ম হয় এই অভিনেত্রীর। অর্থনীতিতে স্নাতক করেছেন। এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত।
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বুবলী তৃতীয়। ডাকনাম বুবলী হলেও বাসায় সবাই তাকে আদর করে ‘বাবাই’ নামে ডাকে। বড় বোন নাজনীন মিমি, কণ্ঠশিল্পী। মেজ বোন শারমিন সুইটি, বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা। বুবলী নিজেও সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসেবে তার যাত্রা শুরু হয়। একই প্রতিষ্ঠানে প্রায় তিন বছর ধরে প্রশংসার সঙ্গে কাজ করেছেন তিনি।

২০১৬ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রশিল্পে তার অভিষেক ঘটে। খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় প্রথম দেখা যায় বুবলীকে। এই চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে ইতিমধ্যে বুবলী অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

ইন্ডাস্ট্রিতে এসেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। তার মধ্যে ‘বসগিরি’, ‘শুটার’ ‘অহংকার’ ‘বীর’ ছাড়াও শুটিং চলছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমার। তবে এরই মধ্যে সিনেপাড়ায় জোর গুঞ্জন ওঠে চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার। গুঞ্জনের ভেতরেই প্রায় এক বছর দেশের বাইরে ছিলেন বুবলী। তখনই গুঞ্জনটি আরও মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও দেশে ফিরে রহস্য খোলাসা করেননি এ অভিনেত্রী।

এই কানাকানির মধ্যেই গত ২৭ সেপ্টেম্বর দিনজুড়ে সোশ্যাল হ্যান্ডেলে বইছিল শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ঘিরে তারকা বাবা-মায়ের শুভেচ্ছাবার্তা। সেই রেশ ধরে একই দিন বিকেলে বুবলী এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন। আজ জানান দেন ছোট খানের খবরটি।

তারপর ৩০ সেপ্টেম্বর নিজেদের ভেরিফায়েড পেজে শাকিব ও বুবলী একই স্টেটমেন্ট দিয়েছেন ২০ মিনিটের ব্যবধানে। প্রথমে বুবলী ও পরে শাকিব খান প্রকাশ করেন তাদের পুত্রসন্তানের ছবি। জন্মের দীর্ঘ আড়াই বছর পর সামনে আসে পুত্র শেহজাদ খান বীর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা। এর আগে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব-বুবলী।
তবে এত কিছুর পর আবারও গুঞ্জন উঠেছে শাকিব-বুবলীর বিচ্ছেদের। এদিকে বিচ্ছেদের এ গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী জানান আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসারের জন্য, বিচ্ছেদের জন্য নয়।

































