নতুন নতুন মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে সালমা সব সময়ই বেশ সক্রিয়। কিছুদিন আগেও তার কণ্ঠে তারই অনেক ভালো লাগা বিরহের ‘এমন ভালোবাসা চাই না’ গানটি প্রকাশ হয়েছে। এই গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি গান। যদিও এর আগে একই শিরোনামে বেশ কয়েক বছর আগে সালমার কণ্ঠে একটি গান প্রকাশ হয়েছিল।
তবে সেই গানের শিরোনাম ছিল ‘মানুষ ভালা না’। নতুন গানের আগে শুধু তুমি যুক্ত করে গানের নাম রাখা হয়েছে ‘তুমি মানুষ ভালা না’। আগের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন মামুন আফনান রুমী, শাহরিয়ার রাফাত। এই গানটিও লিখেছেন মামুন আফনান রুমী, সুর করেছেন সাগর। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।
নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘একই গীতিকারের লেখা মানুষ ভালা না গানটি শ্রোতা-দর্শকের বেশ ভালো লেগেছিল। আশা করছি ফোক ঘরানার নতুন গান তুমি মানুষ ভালা না শ্রোতা-দর্শকের ভালো লাগবে। নতুন গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে তুমি মানুষ ভালা না নিয়ে আমি আশাবাদী।’ উল্লেখ্য, এমন ভালোবাসা চাই না গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ, সুর করেছেন শরীফ আল দ্বীন।




































