মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৪৭ পিএম
মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠি

কাঁধে সব সময় বোঝা হয়ে থাকা প্রত্যাশার পাহাড়, যা হয়তো হিমালয়ের চেয়েও ভারী। গ্যালারি থেকে ভেসে আসা গগনবিদারী চিৎকার। আর সেই হলুদ জার্সির অতিপ্রাকৃত ওজন। ব্রাজিলের হয়ে ফুটবল খেলা মানে কি শুধুই আনন্দ? নেইমারের বয়ানে উঠে এল এক অন্য বাস্তব। যেখানে তারকাখ্যাতির ঝিলিক আছে, কিন্তু মানুষের মতো নিশ্বাস নেওয়ার জায়গাটা বড্ড সংকীর্ণ।

২০২৬ বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন, নাকি পাবেন না, এটা নিয়ে এখন শুধু ব্রাজিল নয়, ফুটবলবিশ্বজুড়েই তুমুল আলোচনা। এর মধ্যেই ব্রাজিলের ‘গ্লোবো স্পোর্ত’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার যেন একলহমায় নিজের বুকের সব জমানো পাথর নামিয়ে দিলেন। ক্যারিয়ারের গোধূলিবেলায় দাঁড়িয়ে এই ফরোয়ার্ড জানালেন, নিজ দেশে খেলার চাপটা এখন তাঁর কাছে খুব ‘নিষ্ঠুর’ মনে হয়।

৩৪ বছর বয়সী নেইমার নিজের শেষ বিশ্বকাপটা খেলতে চান এবার। কিন্তু স্রেফ তাঁর চাওয়াতে আসলে কিছু যায় আসে না। ব্রাজিলের কোচ আনচেলত্তি তাঁকে দলে নেবেন কি না, সেটাই বড় প্রশ্ন।

কৈশোরের ক্লাব সান্তোসে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করার পর নেইমার খুব আশায় ছিলেন, হয়তো সেখানে পারফর্ম করে কোচের মন জয় করবেন। কিন্তু ক্যারিয়ারজুড়েই তাঁর সবচেয়ে বড় শত্রু হয়ে থাকা চোট এখানেও পিছু ছাড়ছে না।


শতভাগ ফিট হয়ে টানা কয়েক মাস খেলা যেন এখন আর তাঁর কপালে নেই। এদিকে আনচেলত্তি ‘আলটিমেটাম’ দিয়ে রেখেছেন, যদি দলে জায়গা পেতে হয়, নিজেকে পুরো ফিট প্রমাণ করতে হবে। এর সঙ্গে সমর্থকদের প্রবল প্রত্যাশার চাপ সব মিলিয়ে নেইমার যেন হাঁপিয়ে উঠেছেন ইদানীং। তাঁর আক্ষেপ, ব্রাজিলের মানুষ প্রায়ই তাঁর মানবিক সত্তা ভুলে যায়।

‘গ্লোবো স্পোর্ত’কে বলেছেন, ‘ব্রাজিলে খেলাটা ভীষণ কঠিন। এখানে লোকে আপনাকে রীতিমতো পিষে ফেলতে চায়। তারা বোঝে না যে আপনিও একজন স্বাভাবিক মানুষ। আমি এটার জন্যই পরিশ্রম করেছি, আমি কৃতজ্ঞ, কিন্তু দিন শেষে আমারও অনুভূতি আছে। অন্য সবার মতো আমারও খারাপ লাগে, ব্যথা পাই, মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠি। আমারও কান্না পায়, রাগ হয়।’


নেইমারের জন্য সতর্কবার্তা: ‘শুধু নামের জোরে ব্রাজিল দলে ডাক পাওয়া যাবে না’
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা না–রাখা নিয়ে যে চুলচেরা বিশ্লেষণ চলছে, সেই আলোচনায় এরই মধ্যে যোগ দিয়েছেন রোমারিও-রোনালদোর মতো ব্রাজিলিয়ান কিংবদন্তিরা। দুজনেরই আশা, শেষ পর্যন্ত আনচেলত্তি নেইমারকে ছাড়া উত্তর আমেরিকা যাবেন না। এবার সেই আলোচনায় যোগ দিলেন আরেক কিংবদন্তি ও ‘সাদা পেলে’খ্যাত জিকো।

‘গ্লোবো’র ভিডিওকাস্ট ‘তোকা ই পাসসা’তে জিকো বলেছেন, ‘নেইমার কিন্তু ভালো খেলছে, তবে ধারাবাহিকতা নেই। সেই যদি ব্রাজিলিয়ান লিগে আট-দশটা ম্যাচ টানা খেলতে পারত, কোচের আত্মবিশ্বাস বাড়ত। ওর প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সে সাম্প্রতিককালের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়। মাঠে নামলে সবাই চাইবে সে যেন পার্থক্য গড়ে দেয়। সে শুধু আরেকজন খেলোয়াড় নয়, বরং “আইসিং অন দ্য কেক”।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে ফ্রান্সের কাছে সর্বশেষ ম্যাচে আনচেলত্তির দল হেরেছে ২-১ গোলে। এই দুই ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের।

আসলে ২০২৩ সালের অক্টোবরের পরই ব্রাজিলের জার্সি আর গায়ে তোলা হয়নি তাঁর। তাই বলে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে শেষ বলে দেওয়া যায় না। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা হতে এখনো মাস দেড়েক বাকি। কোচের মন জয় করার জন্য নেইমারের হাতে সময়ও এটুকুই।

Link copied!