ঈদুল ফিতরের এবারের বিনোদন আয়োজনে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে বঙ্গ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ-এর যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলছে।
শাহজাদা মামুন-এর মূল গল্প অবলম্বনে নির্মিত ‘লাভ সিটার’-এ একটি বিড়াল ও দুই নিঃসঙ্গ মানুষের আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। নাগরিক ব্যস্ততা ও একাকিত্বের ভেতর মানবিক মমত্ববোধের এই উপস্থাপন দর্শকদের কাছে ভিন্নধর্মী আবেদন তৈরি করেছে।
বিশেষ করে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান-এর সংযত ও প্রাণবন্ত অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহলে প্রশংসিত হয়েছে। নির্মাণশৈলী ও মৌলিক কনসেপ্টের কারণে অনেকেই চলচ্চিত্রটিকে সাম্প্রতিক সময়ের রুচিশীল নির্মাণগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করছেন।
কন্টেন্টটির সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ-এর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের অভূতপূর্ব সাড়া তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তিনি জানান, গল্পের সহজ অথচ মানবিক আবেদন দর্শকের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়াই তার প্রমাণ।
এএম সিনেমার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির সফলতায় সহযোগিতা করেছে ‘পোলার আইসক্রিম’ ও ‘ইহরাম’। তাদের অংশগ্রহণ কন্টেন্টটিকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়ক হয়েছে।

































