৪ হাজার কোটির বাজি নিয়ে ‘রামায়ণ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:৫৩ পিএম
৪ হাজার কোটির বাজি নিয়ে ‘রামায়ণ’

বলিউড সিনেমা ‘রামায়ণ’-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রণবীর কাপুরের ‘রাম’ লুক নিয়ে যে কৌতূহল ছিল, টিজার তা আরও বাড়িয়ে দিয়েছে। আজ প্রকাশিত এই টিজার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে জোরেশোরে।

পরিচালক নিতেশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তাঁর সাত বছর সময় লেগেছে। তাঁর ভাষায়, ‘এই যাত্রা খুবই অনিশ্চিত ও একাকী। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অপেক্ষাটা সার্থক হয়েছে।’

লস অ্যাঞ্জেলসে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে রণবীর কাপুর বলেন, ‘আমি “রাম”কে প্রতিনিধিত্ব করতে আসিনি, বরং তাঁর কাছ থেকে শেখার জন্য এসেছি। তাঁর সরলতা ও পবিত্রতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ পরিচালকও বলেন, ‘রামের যাত্রা ভীষণ মানবিক—আমরা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছি।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে শুধু রাম নয়, ‘বিষ্ণু’ ও ‘মহর্ষি পরশুরাম’-এর চরিত্রেও দেখা যেতে পারে। এই ‘ট্রিপল রোল’-এর মাধ্যমে বিষ্ণুর বিভিন্ন অবস্থার সংযোগ তুলে ধরা হবে। বিশেষ করে পরশুরামের লুকে তাঁকে চেনা কঠিন হবে—এমনটাই শোনা যাচ্ছে।

ছবিটিতে বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী—‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’। এ ছাড়া রাঘব জুয়াল ‘মেঘনাদ’, কাজল আগরওয়াল ‘মন্দোদরি’ এবং রাকুল প্রীত সিং ‘শূর্পণখা’ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ছবিটির আরেকটি বড় আকর্ষণ—দুই খ্যাতিমান সুরকার হান্স জিমার এবং এ আর রহমান–এর একসঙ্গে কাজ করা। তাঁদের সংগীত পরিচালনা ছবিটির আবহকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

ছবির অ্যাকশন দৃশ্যগুলোর জন্য নেওয়া হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টান্ট বিশেষজ্ঞদের। টেরি নোটারি এবং গাই নরিস–এর মতো বিশেষজ্ঞরা এই ছবির অ্যাকশন পরিকল্পনায় যুক্ত, যা ছবিটিকে আরও বড় পরিসরে নিয়ে যাবে।
দুই পর্বে নির্মিত ‘রামায়ণ’-এর প্রথম অংশ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে। টিজারেই যে সাড়া মিলেছে, তাতে ছবিটি মুক্তির আগেই বড় প্রত্যাশা তৈরি করেছে, এ কথা বলাই যায়।
 

Link copied!