ছিটকে গেলেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০১:০১ পিএম
 ছিটকে গেলেন নেইমার

শুধু গোলটাই পাননি। কিন্তু গোল করিয়েছেন। আরেকটি গোলের প্রাথমিক উৎসও ছিলেন তিনি। দেখতে হয়েছে হলুদ কার্ডও। তাতে খেলতে পারবেন না সান্তোসের পরবর্তী ম্যাচ। ভিলা বেলমিরোয় আজ নেইমারের অতৃপ্তি বলতে এ হলুদ কার্ডের নিষেধাজ্ঞাই, তা ছাড়া ম্যাচে ভালোই খেলেছেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান সিরি আ-তে রেমোকে ২-০ গোলে হারায় সান্তোস। ৪০ মিনিটে সান্তোস মিডফিল্ডার থাসিয়ানোর গোলের উৎস ছিলেন নেইমার। ডান প্রান্ত থেকে দারুণ লবে বল বাতাসে ভাসিয়ে রেমোর বক্সে ফেলেন নেইমার। সেখান থেকে গোল করেন থাসিয়ানো। ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডিফেন্সচেরা পাস দেন নেইমার। গঞ্জালো এসকোবার সেই পাসটি ধরে ময়জেসকে দেওয়ার পর গোল করেন তিনি।
কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের হয়ে ১৪টি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। তার মধ্যে আজ প্রথম ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন—যেটা তাঁর জন্য কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া পূর্ণ ফিটনেসে ফেরার শর্ত পূরণ করে। তবে ৮৬ মিনিটে হলুদ কার্ড দেখায় নেইমারের পরিকল্পনা কিছুটা গড়বড়ও হয়ে গেল।

বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে নেইমারের এখন টানা ম্যাচ খেলার বিকল্প নেই। সেখানে সব মিলিয়ে তৃতীয় হলুদ কার্ড দেখে সান্তোসের পরের ম্যাচে খেলতে না পারাটা তাঁর জন্য বড় ধাক্কাই। রেমোর ডিয়েগো হার্নান্দেজ পেছন থেকে কড়া ফাউল করেন নেইমারকে। রেগে তেড়েফুঁড়ে হার্নান্দেজের প্রতি ছুটে গিয়েছিলেন। এ সময় দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কিও হয়। রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও হলুদ কার্ড দেখান নেইমারকে।
রেমোর সমর্থকেরাও গ্যালারি থেকে নেইমারকে খোঁচা মারেন। সান্তোস তারকাকে তাঁরা সুরে সুরে বলেন, ‘তুমি বিশ্বকাপে যাচ্ছ না।’
মাঠ ছাড়ার সময় রেফারির ওপর নেইমারের রাগটা স্পষ্ট বোঝা গেছে। পরে তিনি সেই রাগ ঝেড়েছেন স্পোরটিভির সঙ্গে আলাপে, ‘এটা অন্যায়। কারণ, আমাকে পেছন থেকে ফাউল করা হয়েছে। কোনো দরকার ছিল না। আর ওটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি।’

নেইমার এখানেই থামেননি। রেফারির সমালোচনা করে আরও বলেন, ‘সাভিও এমনই...সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়। কারও কথা শুনতে চায় না। সবখানে আধিপত্য বজায় রাখতে চায়। তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। রীতিমতো অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে তার আচরণ।’

মারাকানায় আগামী রোববার ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে সান্তোস। হলুদ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। তাতে একটি অসুবিধাও হলো। ব্রাজিল কোচ আনচেলত্তি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে এই ম্যাচটি নেইমারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু হাইপ্রোফাইল ম্যাচ, নেইমার তাতে ভালো খেলতে পারলে বিশ্বকাপের স্কোয়াডে থাকার দৌড়ে আরেকটু এগিয়ে যেতে পারতেন। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২০ দলের তালিকায় ১৩তম সান্তোস।

Link copied!