আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত মূল মুকুটের লড়াইয়ে টিকে থাকা হলো না সামিরা খান মাহির। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে গ্র্যান্ড ফিনালের প্রথম বাছাই থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের এই প্রতিনিধিকে।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ৮টায়, যা বাংলাদেশ সময় বুধবার ২৫ নভেম্বর সকাল ৬টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নেন।
প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বে বিচারক ও ভোটের সমন্বয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বাংলাদেশের সামিরা খান মাহির নাম না থাকায় সেমিফাইনালের শুরুতেই থেমে যায় তার পথচলা।
চূড়ান্ত পর্বে জায়গা না পেলেও এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই পোশাকটির কেন্দ্রে ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা।
এবারের আসরে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের হিসাবে বিভিন্ন ধাপে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও বেশ এগিয়ে ছিলেন তিনি।
তবে নিয়ম অনুযায়ী, দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া কেবল একজন প্রতিযোগীর জন্য। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা ৩০-এ পৌঁছানো সম্ভব হয়নি মাহির।
২০১৯ সালে শিরিন আক্তার শিলা-র মাধ্যমে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। এরপর ২০২৪ সালে দেশের প্রতিনিধিত্ব করেন অনিকা আলম, এবং গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন ইতিহাস গড়েছিলেন।
এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা থাকলেও সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল সামিরা খান মাহির মিস ইউনিভার্স অধ্যায়।














