নীল শাড়ি, ছোট চুল আর রহস্যময় অভিব্যক্তি। সিঁড়ি বেয়ে নেমে আসছেন বিদ্যা বালান। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে এভাবেই প্রথম দেখা গেল বলিউড অভিনেত্রীকে। চরিত্রটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
পর্দায় বিদ্যা বালানের উপস্থিতি বরাবরই আলাদা আবহ তৈরি করে। এবার সেই পরিচিত উপস্থিতির বাইরে গিয়ে দক্ষিণী সিনেমায় নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা গেছে ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটুতে। এক উত্তেজনাপূর্ণ মুখোমুখি দৃশ্যে সোজা সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার অভিব্যক্তি, সাজপোশাক ও রহস্যময় উপস্থিতি ঝলকেই আলাদা করে নজর কেড়েছে।
কান্থা চরিত্রে বিদ্যার লুক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটুর পাশাপাশি চরিত্রটির সামগ্রিক সাজেও থাকছে ভিন্নতা। নতুন এ অবতারে বিদ্যাকে দেখে দর্শকদের অনেকেই মনে করছেন, সিনেমায় তার চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুধু লুক নয়, চরিত্রটি নিয়েও দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। রজনীকান্তের পাশে বিদ্যাকে কীভাবে উপস্থাপন করা হবে, পর্দায় দুই তারকার মুখোমুখি দৃশ্য কেমন হবে—এসব নিয়েও চলছে আলোচনা। বিশেষ করে দক্ষিণী সিনেমায় বিদ্যার প্রথম বড় উপস্থিতি হওয়ায় ‘কান্থা’ চরিত্রটি নিয়ে আগ্রহ আরো বেড়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিকুয়াল ‘জেলার ২’। সিনেমাটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও এতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত সিনেমাটিতে আলাদা মাত্রা যোগ করেছে।
সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


































