বিপাশাকে কারিনার চড়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ১২:৪৩ পিএম
বিপাশাকে কারিনার চড়!

বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত ও তিক্ত বিতর্কের একটি ছিল ২০০০-এর দশকের ‘আজনাবি’ সিনেমার শুটিং সেটের ঘটনা। গুঞ্জন রয়েছে, শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী বিপাশা বসুকে থাপ্পড় মেরেছিলেন কারিনা কাপুর এবং তাকে ‘কালি বিল্লি’ বা কালো বিড়াল বলে কটূক্তি করেছিলেন।

তবে প্রশ্ন ওঠে— তৎকালীন সময়ে তারকা সন্তান হওয়ার কারণেই কি পার পেয়ে গিয়েছিলেন কারিনা?

সম্প্রতি প্রখ্যাত সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে ‘সান্ডে মিড-ডে’র সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আস্থা আত্রে এই বিতর্কের পেছনের আসল কারণ বিশ্লেষণ করেছেন।

পডকাস্টে সিদ্ধার্থ কান্নান প্রশ্ন করেন, ‘তখনকার দিনে নেপো কিডদের বিরুদ্ধে কেন কেউ সোচ্চার হতো না?’

উত্তরে সাংবাদিক আস্থা আত্রে জানান, “তখন ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ছিল না। তারকারা কী করছেন তা জানার একমাত্র মাধ্যম ছিল ‘ফিল্মফেয়ার’ কিংবা ‘স্টারডাস্ট’-এর মতো গসিপ ম্যাগাজিনগুলো। শোভা দের মতো সাংবাদিকরা খোলামেলাভাবে কলাম লিখতেন। পাঠক তা পড়ত ঠিকই, কিন্তু আজ যেমন ট্রলিং বা সরাসরি জবাবদিহিতার সুযোগ আছে— তখন তা ছিল না। ফলে তারকা সন্তানেরাও সহজে এসব বিতর্ক এড়িয়ে যেতে পারতেন।’

বিপাশাকে চড় মারার নেপথ্যে থাকা মূল ঘটনাটি ছিল পোশাক ডিজাইনার বিক্রম ফডনিসকে ঘিরে। তৎকালীন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কারিনা কাপুরের ব্যক্তিগত স্টাইলিস্ট বিক্রমের সাহায্য তার অনুমতি ছাড়াই বিপাশা বসু নিয়েছিলেন। আর এই কারণেই বিপাশার ওপর মারাত্মক ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন কারিনা।

তবে দুই তরফ থেকেই ছিল ভিন্ন মতামত। ২০০১ সালে বিপাশা বসু বিষয়টিকে ছোটখাটো ঘটনাকে বাড়িয়ে বড় করার মতো বলে মন্তব্য করেন। তিনি জানান, ডিজাইনারকে নিয়ে মূল সমস্যাটা ছিল কারিনার, তার নিজের কোনো সমস্যা ছিল না; তাই অনর্থক তাকে টেনে আনাকে তিনি খুবই শিশুসুলভ আচরণ হিসেবে দেখেন।
২০০২ সালে কারিনা কাপুর পাল্টা দাবি করে বলেছিলেন, বিপাশার নিজের প্রতিভার ওপর ভরসা নেই বলেই চার পৃষ্ঠার সাক্ষাৎকারের তিন পৃষ্ঠাই তার সম্পর্কে কথা বলেছেন। কারিনার মতে, বিপাশা কেবল তার সাথে বিতর্ক তৈরি করেই আলোচনায় আসতে চেয়েছেন এবং কারিনা তাকে কোনো কটু কথা বলেছেন— বিপাশার এমন দাবি পুরোটাই বানানো।

সেই চড় বা গালিগালাজের সত্যতা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত না হলেও, ‘আজনাবি’র সেটের পর টানা সাত বছর কথা বন্ধ ছিল এই দুই বলিসুন্দরীর। দীর্ঘ এই ‘কোল্ড ওয়ার’-এর অবসান ঘটে ২০০৮ সালে। সাইফ আলি খানের জন্মদিনের জমকালো পার্টিতে বিপাশাকে বিশেষ অতিথি হিসেবে নিজে আমন্ত্রণ জানান কারিনা।

২০০১ সালে ববি দেওল, অক্ষয় কুমার ও কারিনা কাপুরের সাথে ‘আজনাবি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিপাশা বসু। কালের পরিক্রমায় পুরোনো সব তিক্ততা ভুলে এখন দুজনই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত।

Link copied!