১৩১ কারিগরের ২৫৬ ঘণ্টার পরিশ্রমে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১১:০১ এএম
১৩১ কারিগরের ২৫৬ ঘণ্টার পরিশ্রমে তৈরি আমির-গৌরীর বিয়ের আংটি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান মানেই চমক। তা সে সিনেমার পর্দায় হোক কিংবা ব্যক্তিগত জীবনে। এবার ৬০ বছর বয়সে এসে জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই সুপারস্টার। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

মুম্বাইতে আমিরের নিজস্ব বাসভবনে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে বসেছিল এই বিয়ের আসর। তবে বিয়ের জাঁকজমকের চেয়েও এখন নেটদুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নবদম্পতির হাতের এক জোড়া আংটি, যা তৈরিতে লেগেছে শত শত ঘণ্টার কঠোর পরিশ্রম!

বিয়েতে আমির খান পরেছিলেন অফ-হোয়াইট রঙের আংরাখা কুর্তা এবং কনে গৌরী সেজেছিলেন আইভরি লেহেঙ্গায়। তবে সবার চোখ আটকে গেছে তাদের বিয়ের আংটিতে। মুম্বাইয়ের বিখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড ‘কুইন জুয়েলস’-এর তৈরি এই আংটি জোড়ায় ব্যবহার করা হয়েছে পৃথিবীর অন্যতম বিরল এক জোড়া প্রাকৃতিক রুবি বা চুনী পাথর।

মাদাগাস্কার থেকে এই বিশেষ ‘অক্সব্লাড’ বা গাঢ় লাল রঙের রুবি পাথর দুটি খুঁজে বের করতেই জুয়েলারি সংস্থার সময় লেগেছে প্রায় তিন মাস। এরপর মুকুটের আদলে তৈরি সোনার রাজকীয় ফ্রেমের ওপর পাথরটি বসাতে দক্ষ ১৩১ জন কারিগরের টানা ২৫৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

ভিন্টেজ ও আভিজাত্যের ছোঁয়া থাকা এই আংটি জোড়ার মূল্য যে আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সাথে ২০০২ সালে তার বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের ঘরে জুনায়েদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে।

এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে কিরণের সাথেও তার ডিভোর্স হয়। তবে তাদের একমাত্র ছেলে আজাদের দেখভাল দুজনে মিলেই করেন।

জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বিউটি অ্যান্ড ওয়েলনেস খাতের একজন নামী পেশাদার ব্যক্তিত্ব। গৌরীরও এটি দ্বিতীয় বিয়ে এবং আগের সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের আগের রাতে মিডিয়ার সামনে প্রথমবার গৌরীর হাত ধরে হাজির হয়েছিলেন আমির খান। তখনই জানিয়েছিলেন, তারা বেশ কিছুদিন ধরে প্রেম করছেন। অবশেষে সেই প্রেমকেই এবার বিয়ের রুপ দিলেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

Link copied!